তিন বন্ধু মিলে উপস্থিত তেলেনাপোতা নামক গ্রামে। চাঁদের আলোয় তাদের চোখে পড়ে একটি বড়ো পুকুরের পাশে বিশাল এক জীর্ণ অট্টালিকা। এই জীর্ণ অট্টালিকা, যার পদে পদে অবক্ষয়ের চিহ্ন। ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে অট্টালিকাটি দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে আছে। এই অট্টালিকার কোনোরকম বাসযোগ্য একটি ঘরে তিন বন্ধুর থাকার ব্যবস্থা করা হয়েছে।
ঘরটি দেখে মনে হয়, বহুকাল কোনো মানুষ এই ঘরে পা রাখেনি। ঘরে ঝুল, জঙ্গল পরিষ্কার করার পরও থেকে গেছে। ঘরের মধ্যে একটি ভ্যাপসা গন্ধ। গল্পকথক মজা করে বলেছেন-ঘরটি পরিষ্কার করায় ঘরের আত্মা রুষ্ট হয়েছেন। ছাদে সামান্য চলাফেরা করলেই ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে রুষ্ট আত্মার অভিশাপের মতো।









